নিজস্ব প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় খুলনা বিভাগের প্রতিনিধিত্বকারী গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে। দারুণ সমন্বয়, গতি ও বল নিয়ন্ত্রণে এগিয়ে থাকা দলটি পুরো ম্যাচ জুড়ে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখে। শেষ পর্যন্ত চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে তারা নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট। দলের এই সাফল্যে কালিগঞ্জসহ পুরো সাতক্ষীরায় আনন্দের আমেজ বিরাজ করছে।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও শিক্ষাঙ্গনে তৈরি হয়েছে উচ্ছ্বাস। ছোটদের এই অর্জনকে ভবিষ্যতের সম্ভাবনার বার্তা হিসেবে দেখছেন অনেকে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন বলেন, ‘গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসাধারণ খেলেছে। তাদের এই সাফল্য জেলার জন্য গর্বের। আমরা আশাকরি, তারা সেমিফাইনালেও একই ধারাবাহিকতা বজায় রেখে ফাইনালে উঠবে।’ রোববার সেমিফাইনালে বরিশাল বিভাগের মুখোমুখি হবে গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে সামনে রেখে দলটির খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি আত্মবিশ্বাস।







