নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জাঁকজমকপূর্ণ জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে আশাশুনি উপজেলা দল। তারা কালিগঞ্জ উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেঘা ফাইনালে আশাশুনি উপজেলা দল বনাম কালিগঞ্জ উপজেলা দলের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময় আশাশুনি উপজেলা দল ১-১ কালিগঞ্জ উপজেলা দল গোলের সমতায় শেষ হয়। নির্ধারিত সময়ে আশাশুনি উপজেলা ও কালিগঞ্জ উপজেলা দল বিজয়ী না হওয়ায় রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারের প্রথম শর্ট নিতে আসে আশাশুনি উপজেলা দলের বিদেশি খেলোয়াড় বেনজামা। টাইব্রেকারে বেনজামার গোলে এগিয়ে যায় আশাশুনি উপজেলা দল। পরে কালিগঞ্জের হয়ে টাইব্রেকারে শর্ট নিতে আসে আল আমিন।
আল আমিনের শর্ট আশাশুনি উপজেলার গোলকিপার শান্ত দক্ষতার সাথে সেভ করলে আনন্দ উল্লাসে মেতে উঠে দর্শক পরিপূর্ণ সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের পুরো গ্যালারী।পরে আশাশুনি উপজেলা দল টাইব্রেকারে বাকি ৪টা শর্ট সরাসরি গোল করে। অপর দিকে টাইব্রেকারে কালিগঞ্জ উপজেলা দল বাকি ৩টা শর্টে গোল করলে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত হয়ে মাঠ ছাড়ে। ফলে আশাশুনি উপজেলা দল জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে, জমকালো আয়োজনে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভীড় আর রৌদ্রোজ্জল বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়াম পরিনত হয় জনসমুদ্রে। প্রথমার্ধের শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণ আর উভয় দলের সমর্থক ও দর্শকদের মহুর মহুর করতালিতে জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলাটি হয়ে ওঠে প্রানবন্ত ক্রীড়া উৎসব। প্রথমার্ধের ৯ মিনিটের মাথায়আশাশুনি উপজেলা দল ৯ নাম্বার জার্সিধারী সবিজের গোলে ১-০ তে এগিয়ে যায়।
১-০ গেলের লিড নিয়ে আশাশুনি উপজেলা দল আরও আক্রমাত্মক খেলতে থাকে। উপর দিকে ১-০ গোলে পিছিয়ে পড়ে কালিগঞ্জ উপজেলা দল পাল্টা আক্রমণে খেলতে থাকে। গোল পরিশোধের মরিয়া হয়ে আক্রমণের ধার ও খেলার ধরন পরিবর্তন করে প্রতি মুহূর্তে কালিগঞ্জ উপজেলা দল। কালিগঞ্জ উপজেলা দল শুরুতে ৪-৪-২ পজিশন থেকে গোল খেয়ে ৪-৩-২-১ পজিশনে খেলতে থাকে। অপর দিকে আশাশুনি উপজেলা দল আক্রমণের সান বাড়িয়ে ৪-২-২-২ পজিশনে খেলতে থাকে। প্রথমার্ধের শেষে আর কোন অঘটন না ঘটায় আশাশুনি উপজেলা দলের সজীবের একমাত্র গোলে ১-০ তে লিড নিয়ে বিরতি যান উভয় দল।
ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আশাশুনি উপজেলা দল ১-০ গোলের লিড নিয়ে বিরতি থেকে ফিরে আরও আক্রমাত্মক খেলতে থাকে। অপর দিকে কালিগঞ্জ উপজেলা দল গোল পরিশোধের মরিয়া হয়ে সর্বোচ্চ আক্রমাত্মক ভাবে খেলতে থাকে। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটের মাথায় কালিগঞ্জ উপজেলা দলের বিদেশি খেলোয়াড় ১১ নাম্বার জার্সিধারীর ডি-বক্সের মধ্যে একা পেয়ে নিশ্চিত গোল থেকে রক্ষা করে আশাশুনি উপজেলা দলের গোলরক্ষক জি কে শান্ত। গোলকিপার শান্তর একক প্রচেষ্টায় এ যাত্রায় রক্ষা পায় আশাশুনি উপজেলা।
খেলায় আশাশুনি উপজেলা ১-০ কালিগঞ্জ উপজেলা দল। উত্তেজনাপূর্ণ ফাইনালের দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটের মাথায় কালিগঞ্জ উপজেলা দলের বিদেশি খেলোয়াড় ১০ নাম্বার জার্সিধারী আল আমিনের গোলে ১-১ সমতা নিয়ে ফেরে। ফলে আশাশুনি উপজেলা ১-১ কালিগঞ্জ উপজেলা দল। খেলার ৮৮ মিনিটের মাথায় আবারও আক্রমণে আশাশুনি উপজেলা দল। সজীবের শর্ট সেভ করেন কালিগঞ্জ উপজেলা দলের গোলকিপার নাঈম। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়ে রেফারি বাঁশি বাজিয়ে শেষ করেন। নির্ধারিত সময়ে কোন দল জয়ী না হওয়ায় রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেয়। টাইব্রেকারে ৫-৩ গোলে কালিগঞ্জ উপজেলা দলকে পরাজিত করে শক্তিশালী আশাশুনি উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এর আগে ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মধ্যবিরতিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজক কমিটি।
ডিসি কাপ ফুটবলের ফাইনালে রেফারি হিসেবে মাঠ পরিচালনা করেন তরুন প্রজন্মের অন্যতম আইকন আবু সুফিয়ান। সহকারী নাসির উদ্দীন ও জাহাঙ্গীর কবির। চতুর্থ রেফারি হিসেবে ছিলেন মিজানুর রহমান। ম্যাচ কমিশনার আতাউর রহমান। এছাড়া মাঠে ধারা বিবরণীতে ছিলেন ওলিউর রহমান, ইসমাইল হোসেন মিলন ও আশরাফ হোসেন।
খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মিজ কাউসার আজিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ এবং সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুর রউফ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল হাসেম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমদাদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জিএম মনিরুল ইসলাম মনি, ফিফা রেফারি তৈয়ব হাসান বাবুসহ জেলা প্রশাসন, ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







