বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহসিন আলী (৫২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার চৌবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পরিবারের বরাতে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি জুয়েল হোসেন জানান, মহসিন আলী তার শ্যালক আব্দুর রশিদ গাজীর বসতবাড়ি সংলগ্ন একটি মাছের ঘেরে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন। প্রতিদিনের মতো সাধারণ একটি কাজ করতে গিয়ে মুহূর্তেই নেমে আসে ভয়াবহ বিপর্যয়। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত তারের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
ঘটনাস্থলে থাকা স্বজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রওনা দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়। স্বজনদের কান্না আর আহাজারিতে তখন ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ -ওসি জুয়েল হোসেন আরও জানান,নিহত মহসিন আলী কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের চৌমুহনী এলাকার বাসিন্দা এবং মৃত আমদ আলী মোল্লার ছেলে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এক নিমিষেই পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনরা। প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। সবাই মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।







