নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন” বিষয়ক এক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থানীয় উন্নয়ন সংস্থা ‘স্বদেশ’-এর যৌথ আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা শহরের টাইগার প্লাস হোটেলের হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও উদ্বোধনী ঘোষণা করেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ।

কর্মশালায় মূল বিষয়ে আলোচনা ও বক্তব্য রাখেন আইন ও সালিশ কেন্দ্রের সমন্বয়ক মো. রোকনুজ্জামান এবং সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি।

‘এনগেজডনাউ’ প্রকল্পের আওতায় ও ‘নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড’ কর্মসূচির অংশ হিসেবে সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত এই দিনব্যাপী কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—সিনিয়র সাংবাদিক এম. কামরুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, নাজমুন্নাহার ঝুমুর, সাংবাদিক মুস্তাফিজুর রহমান উজ্জ্বল, গোলাম সারোয়ার, রঘুনাথ খাঁ, আমিনা বিলকিস ময়না, জেলা নাগরিক কমিটির আলী নুর খান বাবুল, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, শিক্ষক শেখ আশরাফুর রহমান ও মোমিনুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরায় অনুষ্ঠিত এই সংলাপটির মডারেটরের দায়িত্ব পালন করেন ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত।

সংলাপে বক্তারা বলেন, “দেশে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে যারা মানবাধিকার রক্ষায় কাজ করেন, তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই তাদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন এখন সময়ের দাবি।

তারা রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের যৌথ উদ্যোগে এই আইনের খসড়া দ্রুত চূড়ান্ত করার আহ্বান জানান। পরবর্তীতে মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা অংশ নেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *