গাজী হাবিব : শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে সাতক্ষীরায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলার পাঁচ উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) ও সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর সদস্যরা নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, দেবহাটা, কালিগঞ্জ, শ্যামনগর, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তায় দুই ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় ৪৪টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে। অন্যদিকে, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলায় ৩৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১৫ প্লাটুন বা ৩০০ সদস্য মোতায়েন করেছে।

সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ২৯টি পূজামণ্ডপ। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও নয়টি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

বিজিবি জানিয়েছে, দুর্গাপূজা চলাকালে হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবেন।

এদিকে, বর্ডার গার্ড বাংলাদেশ, যশোর রিজিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় দুই হাজার বিজিবি সদস্য মোতায়েন থেকে দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান এবং নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *