যশোর, ০৬ আষাঢ় (২০ জুন) : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভালো শিক্ষা ও জ্ঞানের জন্য অবকাঠামোর অবশ্যই প্রয়োজন। তার চেয়ে বেশি প্রয়োজন যারা শিক্ষা প্রদান করবেন তাদের মানসিকতার পরিবর্তন। শিখন প্রক্রিয়াকে আনন্দময় করার জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে।
তিনি আজ (শনিবার) যশোর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ব্যয় হয় ছয় কোটি ৪৩ লাখ টাকা।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। বাংলা ও ইংরেজি শিক্ষার পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা স্কুল থেকে চালু করা হবে। যাতে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে পড়াতে যেতে পারে। প্রায়ত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিনামূল্যে শিক্ষার্থীদের বই বিতরণ শুরু করেন। শুধু বিনামূল্যে বই বিতরণ শুরু করেননি, তিনি মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছেন।
অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: হাদিউজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: নুরুল ইসলাম-সহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। পরে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর প্রেসক্লাবের সম্মেলনকক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত জেলার গণমাধ্যমকর্মীদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই ব্যবহার বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করার ওপর গুরুত্ব দিয়ে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা-নীতি, নৈতিকতা এবং দায়িত্বশীলতার প্রতি আরো গুরুত্ব দিতে হবে। দেশ ও জনগণের ক্ষতি হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা প্রয়োজন। এছাড়া সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহারে আরো দক্ষ ও কৌশলী হতে হবে।
যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তৃতা করেন পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে যশোর জেলা ও উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।







