নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়ন এর হরিপুর ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শিয়া সম্প্রদায় পবিত্র আশুরা উদযাপন করা হয়েছে।
হিজরী ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর প্রানপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (আঃ) এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে নির্মম ভাবে শাহাদাত বরণ করেন।
শোকাবহ এই দিনটিকে স্মরণ করে প্রতি বছরের ন্যায় ২৬ জুলাই ২০২৬ সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত নূরনগর পাক পাঞ্জাতন জনকল্যাণ পরিষদের আয়োজনে নূরনগর গুলশানে জাহরা ইমাম বাড়িতে পবিত্র আশুরা উপলক্ষে মহররমের শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিবছর আরবি মহররম মাসের ১ তারিখ থেকে ১০ মহররম আশুরার দিন পর্যন্ত শিয়া মুসলমানরা মহররমের শোক মজলিসের আয়োজন করে থাকে। দিনটি শুরু থেকে ধর্মীয় ভাব গাম্ভীর্য বজায় রেখে উদযাপন করে থাকে শিয়া সম্প্রদায়ের মানুষের। দিনটিকে স্মরণ রাখতে শিয়া সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে শোক মিছিলটি হাবিবপুর গুলশানে জাহরা ইমাম বাড়ি হতে শুরু হয়ে পার্শ্ববর্তী কারবালা মাঠে বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয়।
মিছিলে ওড়ানো হয় কালো-লাল-সবুজের নিশান। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বণি তুলে মাতম করে থাকে। মিছিলে অংশগ্রহণ কারীদের বেশির ভাগের পরণে থাকে কালো পোশাক। দিনের শেষভাগে শোক নওহা, মাতম, দেশ জাতি সহ সারা বিশ্বের মুসলিম সহ সকল মানব জাতির মঙ্গল কামনা করে।
উক্ত অনুষ্ঠানে নূরনগর শিয়া মসজিদ এর সভাপতি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট শেখ রওশান আলম এর সভাপতিত্বে শোক মজলিসে কুরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা করে নূরনগর শিয়া মসজিদ এর পেশ ইমাম মাওঃ সাজিদুল ইসলাম ও মাওলানা আব্দুল লতিফ। বেদনাবিধুর কারবালার স্বরণে শোক নওহা পাঠ করেন নূরনগর আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম হবি, শেখ জুলফিকার আলি, নাদিম সারওয়ার, তৌকির হাসান সোহাগ, সোয়েব হায়দার, আমিনুর রহমান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানে শ্যামনগর থানা পুলিশ সহ স্থানীয় প্রশাসনের কঠোর নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।







