আব্দুর রহমান : সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ কাটিয়া গ্রামে দীর্ঘদিন ধরে চুরি ও মাদক কারবারের অভিযোগ নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। সম্প্রতি এলাকার বিভিন্ন স্থানে এসির তার, মসজিদের বৈদ্যুতিক তারসহ নানা সামগ্রী চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এবং মাদকের বিস্তার রোধে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে দক্ষিণ কাটিয়া গ্রামবাসীর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং চুরি ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। সভায় বক্তারা বলেন, এলাকায় চুরি ও মাদকের মতো অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে স্থানীয়দেরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য দেন শেখ মাহবুবউল্লাহ, শেখ শফিউল্লাহ মনি, কায়ছারুজ্জামান হিমেল, সাইদুর রহমান হিমু, তরিকুল ইসলাম, পাপিয়া, এসএম শহিদুল ইসলাম, কাজী মো. রওনাক, শামীম হোসেন কুরাইশী, শেখ বাদশাহ, সৈয়দ সাব্বির আহমেদ, আশিকুর রহমান, শেখ আজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় স্থানীয়রা দক্ষিণ কাটিয়া এলাকায় চুরি ও মাদকবিরোধী একটি কমিটি গঠনের প্রস্তাব দেন। এ কমিটির মাধ্যমে নিয়মিত নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে এলাকাবাসীকে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। এলাকাবাসী জানান, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দক্ষিণ কাটিয়াকে চুরি ও মাদকমুক্ত একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *