শহর প্রতিনিধি : সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদক শক্তি রুখবোই, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়বোই’ এই স্লোগানকে সামনে রেখে মধুবাগ আবাসিক এলাকার সাধারণ জনগণের উদ্যোগে দুপুরে এই কর্মসূচি পালিত হয়।
শুক্রবার ২৪ জুলাই জুম্মার নামাজের পর মিছিলটি মধুবাগ আবাসিক এলাকা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা খুলনা রোড মোড় হয়ে সাতক্ষীরা বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও স্থানীয় মসজিদের সেক্রেটারি নূরুল হকের সভাপতিত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিকুর দৌলা সাগর, জামায়াত নেতা অ্যাড. আবু বকর সিদ্দিক, স্থানীয়দের মধ্যে আব্দুর রাজ্জাক, মিয়ারাজ হোসেন, আনছার আলী, আব্দুল জব্বার, আখতারুজ্জামান, মিজানুর রহমান, আব্দুস সেলিম, ময়নাসহ আরো অনেকে। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ।
মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং বাড়ছে সামাজিক অপরাধ। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকার প্রয়োজন। বক্তারা আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সন্ধ্যার পর বিভিন্ন দোকানে চায়ের আড্ডা ও কেরাম বোর্ডের আসরসহ সন্দেহজনক স্থানগুলোতে স্থানীয়ভাবে নজরদারি করা হবে। এসব কর্মকাণ্ডের আড়ালে কেউ মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মাদকমুক্ত সমাজ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দারা মাদককে ‘না’ বলার অঙ্গীকার করেন এবং মাদকমুক্ত, সুন্দর, সমৃদ্ধ ও নিরাপদ সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত এক সপ্তাহ যাবত মধুবাগ আবাসিক এলাকায় স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী কমিটির নেতৃবৃন্দ একত্রে মাদক ক্রেতা, বিক্রেতা, সেবনকারিসহ এর সাথে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি এলাকা ছাড়ার ঘোষণা দেন। এরই জেরধরে শুক্রবার দুপুরে জুম্মাবাদ প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও সাতক্ষীরা পৌরসভাসহ আসপাশের উপজেলা শহর গ্রামজুড়ে যুবকরা এমন প্রতিবাদ সমাবেশ করে আসছেন।







