হাফিজুর রহমান শিমুল : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন মাধ্যমে অপতথ্য ও মনগড়া তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

সূত্র জানায়, সম্প্রতি ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেনকে জড়িয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে লেখা প্রকাশ করা হয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে প্রকাশিত লেখাগুলোতে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ বা সংশ্লিষ্ট নথি উপস্থাপন করা হয়নি বলে দাবি সংশ্লিষ্টদের।

অভিযোগ রয়েছে, কিছু অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজে যাচাই-বাছাই ছাড়াই জাহাঙ্গীর হোসেনকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব প্রকাশনার পেছনে ব্যক্তিগত আক্রোশ বা উদ্দেশ্য থাকতে পারে বলেও দাবি করেছেন দলিল লেখক সমিতির কয়েকজন নেতা।

দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতার নামে কোনো ব্যক্তিকে নিয়ে তথ্য প্রকাশের আগে তা যাচাই করা প্রয়োজন। জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অভিযোগগুলোর সঠিকতা যাচাই না করে প্রচার করাকে তারা অনভিপ্রেত বলে উল্লেখ করেন। একই সঙ্গে প্রকৃত সাংবাদিকদের বিষয়টি খতিয়ে দেখে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।

এ বিষয়ে অফিস সহায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, “আপনারা জাতির বিবেক, সমাজের দর্পণ। আমার ব্যাপারে আপনারা তদন্ত করুন। একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে ফেসবুক পেজে মনগড়া তথ্য ছড়িয়ে দিচ্ছে। আমি চাই, বিষয়টি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত তথ্য তুলে ধরা হোক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *