মৃত্যুঞ্জয় অপূর্ব, তালা : অবশেষে সেই দীর্ঘদিনের কষ্টের অবসান হতে যাচ্ছে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগছি গ্রামের মানুষের। সোমবার ( ১০ আগষ্ট) তালার খেশরা ইউনিয়নের দরমুড়াগাছা থেকে কলাগাছি গ্রামের শেষ মাথা পর্যন্ত ২.৩ কিলোমিটারের নতুন সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

খেশরা ইউনিয়নের কলাগাছি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবপদ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।

হাবিব বলেন, একটি অঞ্চলের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। আমি তাদের কথা দিয়েছিলাম যে আমি ক্ষমতায় আসলে আগে কলাগাছি গ্রামের রাস্তাটি করবো। আমি কথা রেখেছি। তবে গ্রামীণ সড়ক উন্নয়ন হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি মানুষের জীবনযাত্রার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। রাস্তা উদ্বোধন শেষে রাস্তার ধারে নেতাকর্মীদের সাথে করে নিয়ে দুটি বৃক্ষ রোপন করেন। পাশাপাশি দরমুড়াগাছা গ্রামে এবং রাজাপুর গ্রামে দুটি সাইক্লোন সেন্টার করে দেবেন বলেও জনসম্মুখে ঘোষণা দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন।

আরো উপস্থিত ছিলেন, খেশরা ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার ময়নূল ইসলাম, খেশরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফফার গাজী, সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, তালা উপজেলা ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান হাসিব, চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান সাগর, কলাগাছি গ্রামের বিএনপি নেতা, পলাশ মন্ডল, কমলেশ সরকার প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কলাগাছির এই সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত বেহাল অবস্থায় ছিল। বর্ষা মৌসুমে সড়কজুড়ে হাঁটুসমান কাদা জমে থাকায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিতে চরম দুর্ভোগের শিকার হতে হতো। অনেক সময় রোগীকে খাটিয়া বা ভ্যানে করে কাদামাটি পেরিয়ে মূল সড়কে নিতে হয়েছে। শিক্ষার্থীদের স্কুলে যেতে এবং কৃষকদের কৃষিপণ্য বাজারজাত করতেও সীমাহীন ভোগান্তি পোহাতে হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি টেকসই সড়কের দাবি জানিয়ে এলেও নানা কারণে তা বাস্তবায়ন হয়নি। অবশেষে নতুন সড়ক নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, কাজ শেষ হলে বর্ষাকালেও নির্বিঘ্নে যানবাহন চলাচল করবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে নতুন গতি আসবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, সরকারি নকশা ও নির্ধারিত মান বজায় রেখেই নির্মাণকাজ সম্পন্ন করা হবে। কাজের প্রতিটি ধাপে প্রয়োজনীয় কারিগরি তদারকি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিনের অবহেলার পর অবশেষে কলাগছি গ্রামের মানুষের ভাগ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাদের বিশ্বাস, কলা গাছির এই নতুন সড়ক নির্মাণ শেষ হলে শুধু যাতায়াতের দুর্ভোগই কমবে না, শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্বাস্থ্যসেবাসহ সার্বিক উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *