আব্দুর রহমান : সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা গ্রামের দীর্ঘদিনের জরাজীর্ণ ও খেলার অনুপযোগী ফুটবল মাঠ সংস্কারে উদ্যোগ নিয়েছেন স্থানীয় শিশু-কিশোর ও যুবকরা।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে স্থানীয় যুবক দেলোয়ার হোসেনের নেতৃত্বে মাঠ সংস্কারের কাজ শুরু হয়। এ সময় সজিব, রাকিবুল, আরিফুল, সোহাগসহ স্থানীয় আরও কয়েকজন যুবক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্থানীয় যুবকরা জানান, বৈকারী ইউনিয়নে দুটি ফুটবল মাঠ রয়েছে। এর মধ্যে কাথন্ডা ফুটবল মাঠটি দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়েছে। ফলে মাঠটি বর্তমানে খেলাধুলার জন্য অনেকটাই অনুপযোগী হয়ে উঠেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠে অবাধে গরু, ছাগল ও হাঁস বিচরণ করায় মাঠের পরিবেশ ও খেলার উপযোগিতা নষ্ট হচ্ছে। পাশাপাশি মাঠ রক্ষণাবেক্ষণ ও জনসচেতনতার অভাবেও এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তারা।
শিশু-কিশোর ও যুবকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তারা বলেন, শুধু সংস্কার করলেই হবে না, মাঠটি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সচেতন মহলের দাবি, কাথন্ডা ফুটবল মাঠটি স্থায়ীভাবে সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ ও সহযোগিতা প্রদান করা হোক। এতে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বাড়বে এবং একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে উঠবে।







