গাজী হাবিব : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় সামাজিক বনায়নের আওতায় প্রায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মৌতলা ইউনিয়নের জেলে পাড়া থেকে সাপখালী ব্রিজ হয়ে মৌতলা বাজারমুখী সাপখালী খালের দুই পাশে এসব চারা রোপণ করা হয়।

উপজেলা বন বিভাগের উদ্যোগে রোপণ করা চারার মধ্যে রয়েছে বাবলা, তেঁতুল, কদবেল, আমলকি, রেইনট্রি, জারুল, অর্জুন ও ঝাউগাছসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। সড়কের দুই পাশে সারিবদ্ধভাবে এসব চারা রোপণের ফলে ভবিষ্যতে সড়কটি সবুজ বেষ্টনীতে পরিণত হওয়ার পাশাপাশি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বৃক্ষরোপণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সামাজিক বন বিভাগ, যশোর রিজিয়নের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মন্ডল, সাতক্ষীরা এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ এবং কালিগঞ্জ এসএফপিসির ডেপুটি রেঞ্জার আওছাফুর রহমান।

এ সময় সামাজিক বন বিভাগ কর্তৃক গঠিত ৪০ সদস্যের কমিটির সভাপতি আব্দুর রাশেদ পল্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণের পর চারাগুলো যাতে নষ্ট না হয় এবং যথাযথভাবে বেড়ে উঠতে পারে, সে জন্য পরিচর্যায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সড়কের দুই পাশে রোপণ করা চারাগুলো যথাযথভাবে পরিচর্যা ও সংরক্ষণ করা হলে আগামী দিনে এ সড়কটি একটি সবুজ সড়কে পরিণত হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *