কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে একই পরিবারের সকলকে খাবার অথবা পানীয়ের সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে অচেতন করার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরিবারের সদস্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। অসুস্থ চারজনই কালিগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি উপজেলার ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়নের বাজুয়া গড় গ্রামে ঘটেছে।

সরেজমিন ও অভিযোগ অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর দিনগত রাতে এ ঘটনায় উপজেলার বাজুয়াগড় গ্রামের মৃত জিয়াত আলী গাজীর ছেলে শোকর আলী গাজী (৪০), তাঁর স্ত্রী ঝুমা পারভীন (৩০), ছেলে পিনন গাজী (১০) ও মেয়ে জিমি পারভীন (১৪) রাতের কোনো এক সময় অচেতন হয়ে পড়েন। পরিবারের সদস্যদের ধারণা, দুপুরের পর কোনো এক সময় খাবার অথবা পানীয়ের সঙ্গে চেতনানাশক জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়া হতে পারে।

পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। তবে কীভাবে তারা অচেতন হয়েছেন এবং খাবার বা পানীয়তে আদৌ কোনো চেতনানাশক মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় আব্দুস সালাম বলেন, রাতের বেলা আমার বাসা থেকে মটর চুরি হয়। শোকর আলী চাচার গাছ কেটে দেয়। দুপুরের পর থেকে আমার চাচার পরিবারের ৪জন অসুস্থ হতে থাকে। পরে সবাইকে রাত ১২টার দিকে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটি তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এছাড়াও ঐ পরিবারটিকে ক্ষতিসাধন করতে নিজ জমি থেকে বিভিন্ন ফরজ, বনজ গাছ কেটে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ভুক্তভোগী পরিবারকে আর্থিক ও সামাজিকভাবে ক্ষয়ক্ষতি করতে ইতিপূর্বে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। তারই ধারাবাহিকতায় হীন কাজ হতে পারে এমন ধারণা প্রতিবেশিসহ নিকট আত্মীয়দের।

এ বিষয়ে কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগের তদন্ত করে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *