নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জালিয়াতির মাধ্যমে ভুয়া ওয়ারেশ সনদ তৈরি করে জমি দখলের চেষ্টার অভিযোগে করা মামলায় অজয় কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় সিআর ৬৫৭/২০২৬ নম্বর মামলা রয়েছে।
আদালত পুলিশ পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, মামলাটি আমলী ১নং আদালত, সাতক্ষীরায় বিচারাধীন। আদালত থেকে অজয় কুমারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে যাচাই করা পরোয়ানাটি সাতক্ষীরা থানায় পাঠানো হলে মঙ্গলবার বেলা ২ টার দিকে সাতক্ষীরা আদালত চত্বর থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
অজয় সরকারের বিরুদ্ধে এর আগেও একটি চেক জালিয়াতি মামলা করা হয়।
অজয় সরকার একজন রেমিটেন্স যোদ্ধার কাছে থেকে জমি দেওয়ার নাম করে ১৯ লক্ষ টাকা হাতিয়ে নেয় পরবর্তীতে তিনি জমিও দেয় না টাকাও ফেরত দেয় না।
গায়ের ঘাম পায়ে ফেলে রেমিটেন্স যোদ্ধারা টাকা ইনকাম করে পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, আর এই সমস্ত কিছু টাউট বাটপার অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়ে রেমিটেন্স যোদ্ধারা আজ প্রায় সর্বস্বান্ত ।
মামলা সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত সুভাষ চন্দ্র সরকারের স্ত্রী লতিকা রানী সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অজয় কুমার সরকারকে আসামি করা হয়। মামলার আরজিতে অভিযোগ করা হয়, অজয় কুমার সরকার ২০২৫ সালের ২ মার্চ শিবপুর ইউনিয়ন পরিষদ থেকে মৃত ভীম সরকারের ছেলে অরবিন্দ কুমার সরকারের বৈধ ওয়ারিশদের তথ্য গোপন করে একটি ওয়ারেশ সনদ নেন।
পরে ওই সনদ ও নামজারির কাগজপত্র ব্যবহার করে সাব-রেজিস্ট্রি অফিসে ১৪ দশমিক ৫৬ শতক জমি বিক্রির দলিল সম্পাদন করেন এবং জমি দখলের চেষ্টা চালান। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তদন্তে ওয়ারেশ সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়লে সেটি বাতিল করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আনিছুর রহমান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, বাদী ও নিরপেক্ষ সাক্ষীদের জবানবন্দি গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করেন। তদন্ত শেষে তিনি অজয় কুমারের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেন। তদন্ত প্রতিবেদনে জমি প্রতিরোধ ও প্রতিকার আইনের ৪(১)(ক) এবং ৭(১), (২) ও (৩) ধারায় অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে অজয় কুমারকে গ্রেপ্তার করে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।







