তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ধুলন্ডা গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার দাফন করা হয়। নীলা ওই গ্রামের লিটন শেখের মেয়ে এবং মাগুরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় নীলার বাবা লিটন শেখ সাতজনের নাম উল্লেখ করে তালা থানায় মামলা করেছেন। ৫ অক্টোবর করা মামলাটির নম্বর ৪। এজাহারে নীলাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখার অভিযোগ করা হয়েছে।
পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, নীলা কলেজে যাতায়াতের সময় কয়েকজন যুবক তাঁকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি নীলা তাঁর বাবাকে জানালে লিটন শেখ ধুলন্ডা গ্রামের অফছার শেখের ছেলে আমজেত শেখ (৫০) ও তাঁর পরিবারের সদস্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর রাতে আসামিরা লিটন শেখের বাড়িতে গিয়ে নীলাকে বিভিন্ন ধরনের হুমকি দেন। পরদিন ২ অক্টোবর জেঠুয়া বাজারে লিটন শেখের হোটেলেও গিয়ে নীলার নামে অপপ্রচার চালানো হয়। একই দিন দুপুরে বাড়ি ফেরার পথে লিটন শেখকে আসামিরা পথরোধ করে মারধর করেন। তাঁকে উদ্ধারে এগিয়ে গেলে তাঁর স্ত্রী ও মেয়েকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এরপর সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ধুলন্ডা গ্রামের নিজ বাড়ির একটি কক্ষ থেকে নীলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।
নীলার বাবা লিটন শেখের অভিযোগ, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি। এ ঘটনায় আমজেতশেখ (৫০), আহম্মাদ আরী শেখের ছেলে রকি শেখ (২৪), সেলিম মালির ছেলে সৈয়েব মালি (১৮), আকবর শেখের ছেলে ইমন শেখ (২২), মোহাম্মাদ আলী শেখের ছেলে ইমরান শেখ (২৮), আমজেত শেখের মেয়ে আকলিমা বেগম (২৫) এবং অফছার শেখের ছেলে আকবর শেখকে আসামি করা হয়েছে। লিটন শেখের অভিযোগ, আসামিরা তাঁর মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছেন। একই সঙ্গে তাঁকে আত্মহত্যায় প্ররোচিত বা বাধ্য করা হয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
এদিকে মামলা হওয়ার পর থেকে এজাহারভুক্ত আসামিরা বাড়িতে নেই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।







