নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার যোগরাজপুর গ্রামে পৈতৃক জমি নিয়ে বিরোধের জেরে বসতভিটার সীমানাপ্রাচীর ভাঙচুর ও হামলার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এক নারীসহ তিনজন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোছা. রুমা খাতুন (৩০)। এ ঘটনায় তিনি সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রুমা খাতুনের স্বামী আলমাসুন হোসেনের পৈতৃকসূত্রে পাওয়া জমি নিয়ে স্থানীয় প্রতিবেশী আব্দুল আজিজ (৫৫), আবু তাহের (৪০) ও মুরাদ (২৪)-এর সঙ্গে বিরোধ চলছিল। অভিযোগকারীর দাবি, তাঁর স্বামী গত তিন বছর ধরে বিদেশে অবস্থান করছেন। এ সুযোগে বিবাদীরা তাঁদের বসতভিটার জমি দখলের চেষ্টা করেন। জমি নিয়ে আদালতে মামলা হলেও আদালতের মাধ্যমে জমিটি তাঁদের পক্ষেই পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, গত ১০ অক্টোবর বিকেলে বিবাদীরা ভাড়াটে লোকজন নিয়ে তাঁদের জমিতে এসে সীমানাপ্রাচীর ভাঙচুর করেন। এ সময় বাধা দিতে গেলে রুমা খাতুনের শ্বশুরকে লোহার রড দিয়ে আঘাত করে আহত করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে উদ্ধারে এগিয়ে এলে তাঁর শাশুড়ির মাথায় ধারালো দা দিয়ে আঘাত করা হয় এবং দেবরের বাম কাঁধেও দায়ের কোপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগকারী জানিয়েছেন।

রুমা খাতুনের আরও অভিযোগ, ঘটনার পরও বিবাদীরা তাঁদের জমিতে যেতে নিষেধ করে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এ অবস্থায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন।

এ ঘটনায় আবু রায়হান ও সোনালী নামে দুজনকে সাক্ষী হিসেবে উল্লেখ করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন রুমা খাতুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *