নিজস্ব প্রতিনিধি : মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য কর্মের ওপর এক বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাতক্ষীরার ঐতিহ্যবাহী তুফান কনভেনশন সেন্টার, লেকভিউ-তে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার(১০ অক্টোবর) বিকেল ৪টায় “মৌচাক সাহিত্য পরিষদ, সাতক্ষীরা” এর ব্যানারে অনুষ্ঠানটি অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়। মৌচাক সাহিত্য পরিষদের সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও নাট্যকার আব্দুল ওহাব আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম (টুটুল)। তিনি তাঁর বক্তব্যে জাতীয় কবির বিদ্রোহী চেতনা ও সাহিত্যিক অবদান বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে কবির জীবন ও সৃষ্টির নান্দনিক দিক নিয়ে গভীর ও তাত্ত্বিক আলোচনা করেন সম্মানিত আলোচকদ্বয়— যশোর ও বরিশাল শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ আবু নসর এবং সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
স্থানীয় কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক অঙ্গনের সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কবির প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় অনুষ্ঠানটি এক প্রাণবন্ত ও সফল মিলনমেলায় পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি , মাওলানা আনোয়ারুল হাসান, মুসা করিম,সহ-সভাপতি শেখ মোসফিকুর রহমান মিলটন,প্রভাষক মহিনুর ইসলাম,যুগ্ম সম্পাদক মোঃ মছরুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুল মজিদ,সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না, জেলা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুর রহমান, ড.মুফতি আখতারুজ্জামান, সংগীতশিল্পী আবু আফফান রোজ বাবু, কবি পল্টু বাসারসহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন রুফাইয়া রহমান মাইসা,শেখ মিফাতাহুল জান্নাত,সানজিদা সুরাইয়া শেফা।







