গাজী হাবিব : সাতক্ষীরার ৭৭টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগের তালিকা প্রণয়নে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে বিতর্কিত ডিলার নিয়োগের তালিকা বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা, পৌরসভা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কর্মসূচি থেকে সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে অনিয়মের অভিযোগ তদন্ত এবং যোগ্য প্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সার ডিলার নিয়োগের তালিকা চূড়ান্ত করার ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তাদের দাবি, জেলা প্রশাসনের সহযোগিতায় প্রভাবশালী ব্যক্তিদের প্রাধান্য দিয়ে তালিকা প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া বড় অঙ্কের আর্থিক লেনদেনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও ডিলার নিয়োগের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

মানববন্ধন থেকে বক্তারা বিতর্কিত নিয়োগের তালিকা বাতিল করে স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নতুন করে সার ডিলার নিয়োগের দাবি জানান। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীদের যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শর্ত যথাযথভাবে যাচাই এবং পুরো প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা পৌর বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সজীব, যুগ্ম সম্পাদক খোকাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

তবে সার ডিলার নিয়োগে অনিয়ম, আর্থিক লেনদেন এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে তালিকায় নাম অন্তর্ভুক্তির অভিযোগগুলোর বিষয়ে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেন নি। অভিযোগগুলোর সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন জেলার সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *