নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলী।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে তাঁর পক্ষে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন একদল আইনজীবী।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অমিত কুমার রায়, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট সাবিহা খাতুন লাকী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবু,অ্যাডভোকেট পিয়াল,অ্যাডভোকেট রাব্বি আহমেদ ,অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট শেখ আব্দুল করিম, অ্যাডভোকেট জাফর ও অ্যাডভোকেট বিউটি খাতুনসহ আরও অনেকে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর সমিতির ৬১৪ জন ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ নভেম্বর (রোববার) দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩ নভেম্বর (মঙ্গলবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র গ্রহণে কোনো আপত্তি থাকলে ৪ ও ৫ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের কাছে আপত্তি দাখিল করা যাবে। ৯ নভেম্বর দুপুর ২টায় আপত্তি নিষ্পত্তি এবং ১০ নভেম্বর বিকেল ৩টা পর্যন্ত আপিল দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মনোনয়নপত্র বিতরণ, দাখিল, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি, আপিল, প্রার্থিতা প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ নির্বাচনী কার্যক্রম নির্ধারিত কার্যালয়ে সম্পন্ন হবে।

আগামী ৩ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *