নিজস্ব প্রতিনিধি : জাতীয় যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা কার্যালয় চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ। এ সময় কার্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হয়।
সভাপতির বক্তব্যে উপ-পরিচালক সঞ্জিত কুমার দাশ বলেন, “জাতীয় যুব দিবস আমাদের তরুণ সমাজকে দেশপ্রেম ও সৃষ্টিশীল কাজের মাধ্যমে নতুন করে জাগ্রত করার দিন। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। তরুণ প্রজন্ম যদি পরিবেশ রক্ষায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, তবেই একটি সবুজ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “আজ আমাদের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষক ও প্রিয় শিক্ষার্থীরা যেভাবে এগিয়ে এসেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আসুন, আমরা শুধু গাছ লাগিয়েই ক্ষান্ত না হই, এগুলোকে পরম যত্নে বড় করে তোলার দায়িত্বও নিই।” বৃক্ষরোপণ কর্মসূচিতে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার বিভিন্ন ট্রেড ও বিভাগের প্রশিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।







