তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার ৬ নম্বর তালা সদর ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়ম, বৈষম্য ও প্রকৃত ব্যবসায়ীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী।
সোমবার (২ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. শাহিনুর ইসলাম তিনি উপজেলার বারুইহাটি গ্রামের নজরুল ইসলাম সরদারের ছেলে।
লিখিত বক্তব্যে শাহিনুর ইসলাম বলেন, তিনি দীর্ঘ ১৭ বছর ধরে তালা বাজারে সুনামের সঙ্গে সার ও কীটনাশকের ব্যবসা করে আসছেন। সরকার নতুন করে সার ডিলার নিয়োগের নির্দেশনা দেওয়ার পর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অবৈধ লেনদেনের মাধ্যমে অযোগ্য ও প্রকৃত ব্যবসা না করা ব্যক্তিকে ডিলারশিপ দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তার অভিযোগ, বারুইহাটি গ্রামের মেসার্স নূরী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ ওই ব্যক্তির পর্যাপ্ত ব্যবসায়িক অভিজ্ঞতা নেই। তাঁর দাবি, ডিলারশিপপ্রাপ্ত ব্যক্তির বাবা সরকারি প্রতিষ্ঠান বিআরডিবির চেয়ারম্যান এবং মা সরকারি চাকরি থেকে পেনশনভোগী। এ ছাড়া তাঁর আপন ভাই সার সাবডিলার হিসেবে ব্যবসা করেন বলেও উল্লেখ করেন তিনি।
শাহিনুর ইসলামের আরও অভিযোগ, ডিলার নিয়োগের জন্য গোডাউন পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কক্ষে ইরানী হোমিও ফার্মেসির কার্যক্রম চলছিল। পরে ওই কক্ষটিকেই সারের গোডাউন হিসেবে দেখানো হয়েছে, যা তদন্তের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি সার ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পুনরায় যাচাই-বাছাই, অভিযোগ তদন্ত করে বিতর্কিত ডিলারশিপ বাতিল এবং প্রকৃত সার ব্যবসায়ীদের ডিলারশিপ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ বিষয়ে তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা খাতুন বলেন, নতুন করে তদন্তের নির্দেশনা পেলে তাঁর দপ্তর থেকে সঠিকভাবে তদন্ত করা হবে।







