নিজস্ব প্রতিনিধি : সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা গ্রামের বিধবা মর্জিনা খাতুন (৪৬) দীর্ঘদিন ধরে কোমর ও হাঁটুর ব্যথায় ভুগছেন। স্বামী জবেদ আলীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তিনি; বর্তমানে কর্মহীন ও অসুস্থ। তাঁর একমাত্র ছেলে পড়াশোনা করছে।
সাতক্ষীরার বিশেষজ্ঞ চিকিৎসক তাঁকে ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন, কিন্তু অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। চিকিৎসকের ব্যবস্থাপত্রে কোমরের লাম্বার স্পন্ডাইলোসিস ও হাঁটুর অস্টিওআর্থ্রাইটিসের কথা উল্লেখ আছে; এমআরআই পরীক্ষারও পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তিনি সাতক্ষীরা সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আর্থিক অনুদানের আবেদন করেছেন।
এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দুঃস্থ মহিলা কল্যাণ তহবিল থেকে সহায়তার জন্য সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্যের কাছেও আবেদন করেছেন। অসহায় এই বিধবার চিকিৎসায় মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য করতে চাইলে যোগাযোগ করুন: ০১৮৭৩ ৩৮৮৬২১







