দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় কাঁকডাঙ্গা সীমান্ত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের ২(দুই) পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করা হয়েছে। রবিবার(১২ জানুয়ারী) দুপুর ২টার দিকে কলারোয়া উপজেলার কাঁকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারকালে ওই আটকের ঘটনা ঘটে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক সন্ধ্যা ৬ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। আটক স্বর্ণ চোরাকারবারী কামাল হোসেন(৩৫) সীমান্তবর্তী কাঁকডাঙ্গা গ্রামের খোকন সরদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, কলারোয়া সীমান্তে কাঁকডাঙ্গা বিওপির হাবিলদার খবির হোসেনের নেতৃত্বে একদল বিজিবি সদস্য সীমান্তে টহলে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা টহলকালে কাঁকডাঙ্গা বাজার সংলগ্ন পাঁকা রাস্তা থেকে এক বাইসাইকেল আরোহীর গতিরোধ করে। পরে তার দেহ তল্লাশি করে ২ পিচ সোনার বার, ১ টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৬১০ টাকা জব্দ করা হয়। আটককৃত সোনার বাজার মূল্য ৩০ লাখ ৯৯ হাজার ৬৮১ টাকা বলে জানা যায়। যার ওজন ২৬০.৭৬ গ্রাম। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক চোরাকারবারীকে কলারোয়া থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
এদিকে বিজিবি’র আপর এক অভিযানে কলারোয়ার চান্দুড়িয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। রবিবার(১২ জানুয়ারী) সকালের দিকে কলারোয়া উপজেলার চান্দুড়িয়া বিওপির আওতাধীন গোয়ালপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার দুপুরে এ তথ্য জানো হয়।
আটক হওয়া দুই বাংলাদেশি নাগরিক হলেন, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্দুল বারীর ছেলে মো. আজিজুল ইসলাম (৫০) ও যশোর জেলার শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে মো. আনিসুর রহমান (১৮)।
বিজিবি অধিনায়ক জানান, কলারোয়া উপজেলার গোয়ালপাড়া সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পারপার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দুড়িয়া বিওপির হাবিলদার মো. নাসিম উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটক দুই বাংলাদেশি নাগরিককে কলারোয়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।







