আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী যুদ্ধে বিজয়ের পর আজ বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়েছেন। তিনি ওই বার্তায় বলেছেন, ভুয়া ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি।

ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেছেন, এতসব হইচই, প্রচারণা ও দাবি সত্ত্বেও ইহুদিবাদী ইসরাইল ইসলামী প্রজাতন্ত্র ইরানের আঘাতে ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পিষে গেছে। আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, তিনি আমাদের সশস্ত্র বাহিনীকে সাহায্য করেছেন। এর ফলে তারা ইহুদিবাদীদের উন্নত ও বহু-স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলতে সক্ষম হয়েছে এবং শত্রুদের অনেক সামরিক এলাকা ও শহরের বিভিন্ন স্থানকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পেরেছে।

আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আমেরিকার গালে শক্ত চপেটাঘাত করেছে। এই অঞ্চলের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর একটি অর্থাৎ আল-উদেইদ ঘাঁটিতে হামলা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলে আমেরিকার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের নাগালে থাকা এবং যখনি প্রয়োজন তখনি এগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারাটা অনেক বড় বিষয়। ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে পারে এবং যদি কোনো আক্রমণ চালানো হয় তাহলে অবশ্যই শত্রুর অনেক বেশি ক্ষতি হবে।

তিনি তাঁর বার্তায় আরো উল্লেখ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। যত বড় মুখ নয় তত বড় কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *