শেখ কামরুল ইসলাম : সাতক্ষীরায় আলোচিত শাহিন হত্যা মামলার প্রধান আসামি আবু ইছা চার মাস পর অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। শনিবার (১৬ আগস্ট ২০২৫) দুপুর সাড়ে বারোটার দিকে সদর উপজেলার ভাদড়া এলাকার একটি চায়ের দোকান থেকে র্যাব-৬ এর একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা র্যাব-৬ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মে সকাল ১০টার দিকে সদর উপজেলার মাগুরা গ্রামে আবু ইছার বাড়ির সামনে দেশি অস্ত্র দিয়ে শাহিনকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় খুলনায় পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা যান।
এ ঘটনায় নিহত শাহিনের বাবা অক্কেল আলি (৫০) সদর থানায় তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে প্রধান আসামি আবু ইছা ধরা পড়লেও তার বাবা ও মা এখনও পলাতক রয়েছে। দীর্ঘ চার মাস পলাতক থাকার পর প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় নিহতের পরিবারসহ এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।







