নিজস্ব প্রতিনিধি : জাগো নিউজ ও এখন টেলিভিশনের রিপোর্টার আহসান রাজীব আন্তর্জাতিক পরিবেশ সাংবাদিকদের নেটওয়ার্ক আর্থ জার্নালিজম নেটওয়ার্ক (Earth Journalism Network-EJN) আয়োজিত ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ে গভীরতাভিত্তিক প্রতিবেদন তৈরির জন্য ২০২৬ সালের রিপোর্টিং ফেলোশিপ’-এর জন্য নির্বাচিত হয়েছেন।
বিশ্বব্যাপী পরিবেশ ও জলবায়ু সাংবাদিকতায় অন্যতম মর্যাদাপূর্ণ সংগঠন Earth Journalism Network (EJN) এই ফেলোশিপ পরিচালনা করে। সংস্থাটি আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান Internews এর একটি উদ্যোগ। উন্নয়নশীল দেশগুলোর সাংবাদিকদের মানসম্মত ও গভীরতাভিত্তিক পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিবেদন তৈরিতে সহায়তা দিতে EJN নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক ফেলোশিপ ও অনুদান প্রদান করে।
এই ফেলোশিপের আওতায় আহসান রাজীব বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বেসরকারি খাত বিষয়ক একটি গভীর অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুত করবেন। নির্বাচনের বিষয়টি EJN এর এশিয়া প্যাসিফিক কার্যালয় থেকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, Earth Journalism Network (EJN) এর ফেলোশিপ আন্তর্জাতিক সাংবাদিক মহলে একটি স্বীকৃত ও সম্মানজনক সুযোগ হিসেবে বিবেচিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকরা প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় এই ফেলোশিপের জন্য নির্বাচিত হন।
আহসান রাজীব বর্তমানে জাগো নিউজ ও এখন টেলিভিশন এর রিপোর্টার হিসেবে সাতক্ষীরাতে কর্মরত আছেন। এর আগে তিনি যমুনা টেলিভিশন ও এসএ টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধির দায়িত্বে ছিলেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি উপকূল ও পরিবেশ সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। উপকূলীয় অঞ্চল, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, সুন্দরবন, জীববৈচিত্র্য, দুর্যোগ ও মানুষের জীবন-জীবিকা নিয়ে তাঁর ধারাবাহিক প্রতিবেদন জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। এর আগে তিনি জলবায়ু ও পরিবেশবিষয়ক একাধিক আন্তর্জাতিক প্রশিক্ষণ, কর্মশালা ও ফেলোশিপে অংশগ্রহণ করেছেন।







