মো. আলতাফ হোসেন বাবু : সাতক্ষীরা সদর উপজেলার জোড়দিয়া গ্রামের কৃতি সন্তান শেখ সিদ্দিকুর রহমান একজন বহুমাত্রিক সাহিত্যসাধক, গবেষক ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা, গবেষণা এবং স্থানীয় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

শেখ সিদ্দিকুর রহমান এর পিতা শেখ শওকত আলি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মাতা জোহরা খাতুন ছিলেন গৃহিনী।

জন্ম: ৮ জুন ১৯৫৮ সালে জোড়দিয়া গ্রামে। তিনি ১৯৭৭ সালে এসএসসি, ১৯৭৯ সালে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮১ সালে ঐ একই কলেজ থেকে স্নাতক পাশ করেন। এরপর ১৯৮৩ সালে সরকারি ব্রজলাল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি প্রথমে পেশাগতভাবে খুলনাতে শিপিং কোম্পানীর চাকরিতে প্রবেশ করেন এ সময় তিনি খুলনা ও ঢাকাতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।

তিনি এরপর ১৯৮৪ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ কৃষি ব্যাংকের চাকরিতে প্রবেশ করে ২০১৮ সালে অবসরপ্রাপ্ত হন। শেখ সিদ্দিকুর রহমানের সাহিত্যকর্মে গ্রামীণ জীবন, মানবিক মূল্যবোধ, সামাজিক বাস্তবতা এবং ইতিহাস-ঐতিহ্যের নানা দিক উঠে এসেছে। কবিতা, প্রবন্ধ ও গবেষণামূলক লেখার মাধ্যমে তিনি পাঠকদের কাছে নিজস্ব স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন।

বিশেষ করে সাতক্ষীরার ইতিহাস, সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য নিয়ে তাঁর অনুসন্ধানী কাজ স্থানীয় গবেষণার ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘সাতক্ষীরা: জীবন ও ঐতিহ্য’ ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বইটিতে সাতক্ষীরা জেলার ইতিহাস, সংস্কৃতি, সামাজিক জীবন, ঐতিহ্য এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

২০২৪ সালে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় এবং এটি স্থানীয় ইতিহাসচর্চায় একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হয়। ইতোমধ্যে তাঁর যৌথভাবে লেখা দু’টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে একটি ‘শহর ছেড়ে শান্তিপুর’ অন্যটি ‘সুতোয় লেখা কবিতা’। এছাড়া তাঁর একক সম্পাদনায় বহু পত্রিকা প্রকাশিত হয়েছে যার মধ্যে-‘দুর্বার’ কিংশুক’ ‘রোমন্থন’ ‘প্রতিভা’ উল্লেখযোগ্য। যৌথ পত্রিকার মধ্যে রয়েছে ‘দীপ্ত আলাউদ্দীন’ সুবাষিত সুভাস’ ‘অনন্য আনিস’।

সাহিত্য ও গবেষণার পাশাপাশি তিনি তরুণ প্রজন্মকে ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে সচেতন করতে কাজ করে যাচ্ছেন। তাঁর বিশ্বাস, একটি অঞ্চলের উন্নয়ন ও পরিচিতির জন্য সেই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যকে সামনে রেখে তিনি নিয়মিত লেখালেখি ও গবেষণায় নিয়োজিত রয়েছেন।

শেখ সিদ্দিকুর রহমান বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে যুক্ত থেকে সাতক্ষীরার উন্নয়নে কাজ করে চলেছেন। তিনি বিগত পনের বছর যাবত দেশের অন্যতম প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের সাধারণ সম্পাদক ও সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।

এছাড়া বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, দৈকি সাতক্ষীরার সকাল পত্রিকার সাহিত্য সম্পাদক, জেলা নাগরিক কমিটির সদস্য, কৃষি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

মুনজিতপুর গ্রামের এই কৃতি সন্তান তাঁর কর্ম ও চিন্তাধারার মাধ্যমে সাতক্ষীরার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করছেন। শেখ সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের মুনজিতপুর সরকারি কলেজ রোডে তিনি তার বসবাস করছেন। একজন কবি, সাহিত্যিক ও গবেষক হিসেবে শেখ সিদ্দিকুর রহমানের অবদান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *