নিজস্ব প্রতিনিধি : কাঁকড়া, কুঁচিয়া, ঝিনুক ও শামুক রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের উদ্যোক্তা মো. সহিদুল ইসলাম জুয়েল। তাঁর প্রতিষ্ঠান আকুয়ামেক্স লিমিটেড শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় সফটশেল কাঁকড়া উৎপাদন ও রপ্তানি খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর কেন্দ্রীয় কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক) প্রদান করা হয়। মৎস্য উৎপাদন, গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, সম্প্রসারণ, প্রশাসনিক দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তাদের এ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়।

এর মধ্যে কাঁকড়া, কুঁচিয়া, ঝিনুক ও শামুক রপ্তানি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ মো. সহিদুল ইসলাম জুয়েলের হাতে জাতীয় মৎস্য পদক-২০২৬-এর স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর থেকে দীর্ঘদিন ধরে সফটশেল কাঁকড়া উৎপাদন ও রপ্তানির সঙ্গে যুক্ত সহিদুল ইসলাম জুয়েল। তাঁর প্রতিষ্ঠান আকুয়ামেক্স লিমিটেডের মাধ্যমে স্থানীয়ভাবে উৎপাদিত কাঁকড়া প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হচ্ছে। এ খাতের সঙ্গে কাঁকড়া চাষি, সংগ্রহকারী, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের সঙ্গে যুক্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবিকা সম্পৃক্ত রয়েছে।

সুন্দরবনসংলগ্ন শ্যামনগরের উপকূলীয় অর্থনীতিতে কাঁকড়া চাষ ও রপ্তানি গুরুত্বপূর্ণ একটি খাত। এ খাতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন সহিদুল ইসলাম জুয়েলের দীর্ঘদিনের উদ্যোক্তা কার্যক্রমের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

পদক প্রদান শেষে জাতীয় মৎস্য পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সহিদুল ইসলাম জুয়েলের এই অর্জনের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেল শ্যামনগরের সফটশেল কাঁকড়া উৎপাদন ও রপ্তানি খাতও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *