কালিগঞ্জ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সরকারি অর্থায়নে নির্মাণাধীন একটি ইট সোলিং রাস্তার কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলা উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে শ্রীরামপুর গ্রামের মহাদেব মাস্টারের বাড়ি থেকে অনন্ত কর্মকারের পুকুরপাড় পর্যন্ত ইট সোলিং রাস্তা নির্মাণ কাজ চলছে। প্রকল্পটির ঠিকাদারি দায়িত্বে রয়েছেন রানা দাস। স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণে একেবারেই নিম্নমানের ইট ও বালি ব্যবহার করা হচ্ছে।
বিষয়টি নিয়ে এলাকাবাসী আপত্তি জানিয়ে কাজ বন্ধ করার অনুরোধ করলেও ঠিকাদার তা উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। ফলে সরকারি অর্থের সঠিক ব্যবহার এবং কাজের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মো. আকবার হোসেন লিখিত অভিযোগে উল্লেখ করেন, নিম্নমানের ইট ও বালি ব্যবহার করায় রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি এবং এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, রাস্তা নির্মাণের কাজে যেনো কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি না হয় এবং শিডিউল মোতাবেক নির্ধারিত কাজের মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হয়। পাশাপাশি তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।







