হাফিজুর রহমান শিমুল : ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস যথাযোগ্য ভাবে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার ও চেক বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার সার্বিক অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ওয়াসীম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বিআরডিবি সভাপতি শেখ লুৎফর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা, কৃষ্ণনগর বন্ধন সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির নির্বাহী পরিচালক আলমগীর হোসেন ও সমবায় বিভাগের কালিগঞ্জ উপজেলার সহকারী পরিদর্শক আব্দুর শুকর খাঁন। আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা এবং সমবায়ভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে নির্বাচিত সমবায়ীদের মাঝে পুরস্কার ও চেক বিতরণ করা হয়। সবশেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং সমবায়ীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।







