ডেস্ক রিপোর্ট : গণভোটের রায় এবং জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকালে জেলা শহরে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।

গণমিছিলে প্রধান নেতৃত্ব দেন এবং উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান, জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী ওমর ফারুকসহ জেলা, শহর ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন সারির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক সাধারণ কর্মী-সমর্থক। বিকালে শহরের কেন্দ্রস্থল থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই সনদের সঠিক প্রয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, “দেশের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। জুলাই সনদের প্রতিটি বিষয় জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের প্রতিনিধিত্ব করে।

অনতিবিলম্বে গণভোটের রায়কে শ্রদ্ধা জানিয়ে এবং জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে।” নেতৃবৃন্দ আরও বলেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন দমন করা যাবে না। অতি দ্রুত এসব যৌক্তিক দাবি মেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর আহ্বান জানানো হয়। গণমিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক দোয়া মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *