তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালা বাজারস্থ জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি খান নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

সভায় আরও বক্তব্য রাখেন তালা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইদ্রিস আলী, মোঃ আসাদুজ্জামান, তালা প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাকিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আলীসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এলাকাকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, আপনারা ন্যায় ও সত্যের পক্ষে থেকে প্রকৃত ঘটনা তুলে ধরবেন, সেটা যে দলেরই হোক না কেন। তিনি আরও বলেন, আমি সংখ্যা গরিষ্ঠ ও সংখ্যালঘুতে বিশ্বাস করি না। এ দেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে। নির্বাচিত হলে এলাকা থেকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করা হবে এবং জনগণকে প্রশাসনিক নিপীড়ন থেকে রক্ষা করা হবে। মজলুমের পাশে দাঁড়ানো আমাদের দলের নৈতিক অবস্থান। আমাদের কেউ অনৈতিক কাজে জড়িত হলে সেক্ষেত্রেও আমরা ন্যায়বিচারের পক্ষে থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *