নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) বিকেলে পাটকেলঘাটা বাজারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়। এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপির রাজনীতি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও মানুষের কল্যাণকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনই তাঁর জনপ্রিয়তার প্রমাণ।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, রাজনৈতিক বিভ্রান্তি ও অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংগঠিত করতে হবে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পাটকেলঘাটা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *