তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে মা ও ছোট ভাইয়ের স্ত্রীকে বাঁশ দিয়ে নির্মমভাবে মারধর করেছে সৎ ভাই নজরুল মোল্লা। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহত হয়েছেন মারুফা বেগম (মা) ও স্বপ্না বেগম (ছোট ভাইয়ের স্ত্রী)।
জানা গেছে, আটুলিয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা হান্নান মোল্লার স্ত্রী মারুফা বেগম জানান, গত কয়েক বছর ধরে তার স্বামীর প্রথম পক্ষের ছেলে নজরুল মোল্লা পারিবারিকভাবে তাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধান কেটে বাড়িতে আনাকে কেন্দ্র করে বিবাদের জের ধরে তাদের উপর হামলা চালায় নজরুল।
ভুক্তভোগী স্বপ্না বেগম জানান, তার স্বামী শাহাদাত মোল্লা চাকরির সুবাদে বাইরে থাকেন। এই সুযোগে ভাসুর নজরুল মোল্লা বাঁশ দিয়ে তাদের পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এমনকি কোলের শিশুকেও মারতে উদ্যত হয় সে।
শাশুড়ি মারুফা বেগমের মাথায় আঘাত করা হয়। পরে চিকিৎসার জন্য বের হতে চাইলে তাদেরকে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।
আহত স্বপ্নার ভাই ফারুক হোসেন জানান, খবর পেয়ে শুক্রবার সকালে তিনি তার বোন ও শাশুড়িকে বাড়ি থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম হাওলাদার বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।








