তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় যুবদিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা।
এ সময় বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও তরুণ উদ্যোক্তারা।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপকারভোগীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এ ছাড়া অধিদপ্তরের সাতজন উপকারভোগীর মাঝে মোট ৭ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর আগে জাতীয় যুবদিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।







