নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় তৃণমূল পর্যায়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জেন্ডার সমতা বিষয়ক এক বিশেষ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ‘অগ্রগতি রিসোর্ট সেন্টারে’ এই সংলাপের আয়োজন করা হয়।

জাতীয় অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভ (নাগরিক) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করে যৌথভাবে আমরাই পারি’ পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট নকশী কাঁথা’এবং উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা।

অধ্যক্ষ আশেক ই এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংলাপে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, অগ্রগতির নির্বাহী পরিচালক আব্দুস সবুর।

সংলাপে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠা অপরিহার্য। বিশেষ করে প্রান্তিক পর্যায়ে জেন্ডারভিত্তিক বৈষম্য নিরসনে সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন তারা।

সংলাপে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন ‘আমরাই পারি’ জোটের কো-অর্ডিনেটর যারুফিয়া নুর এবং ক্যাপাসিটি বিল্ডিং অফিসার নাজমুস সাকিব। অনুষ্ঠানে সাতক্ষীরা সদর, শ্যামনগর ও তালা উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং প্রান্তিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক আবু সাইদ ও জুলফিকার রায়হানসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *