তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল ৪টায় খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

খলিলনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা আওরঙ্গজেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, তালা উপজেলাকে জলাবদ্ধতামুক্ত করা এবং হাসপাতালগুলোতে সেবার মান উন্নয়নে জামায়াতে ইসলামী কাজ করে যেতে চায়। তিনি বলেন, জামায়াতে ইসলামী এ দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
তিনি আরও বলেন, জনগণের ভোটে জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে দেশ থেকে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস নির্মূল করা হবে। খুন, গুম ও সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বাসী। হিন্দু, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী মানুষ যেন নিরাপদ ও নির্ভয়ে চলাফেরা করতে পারে, সে নিশ্চয়তা দিতে চায় জামায়াত। পাশাপাশি একটি মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেন তিনি।
তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. মোঃ মাহমুদুল হক। এছাড়া বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ সুজায়েত আলী, তালা উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা যুব শক্তির আহ্বায়ক নুসরাত জাহান তমা, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মীর্জা সাকিব এবং জেলা সমন্বয়ক মামুন হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।







