নিজস্ব প্রতিনিধি : দ্য হাঙ্গার প্রজেক্ট-এর আওতাধীন “এজেন্টস অব চেঞ্জ: স্ট্রেনদেনিং ফোর্ব এঙ্গেজমেন্ট ইন পোস্ট-ইলেকশন বাংলাদেশ” (Agents of Change: Strengthening FoRB Engagement in Post-election Bangladesh) প্রজেক্টের অধীন ‘বাংলাদেশ ফোরাম ফর ফোর্ব’-এর জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ আগস্ট ২০২৬, সোমবার বেলা ১০:৩০ টায় সাতক্ষীরা শহরের নাজমুল সরণিস্থ ম্যানগ্রোভ সভাঘরে এ সভার আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফোরাম ফর ফোর্ব (FoRB) সাতক্ষীরার সভাপতি অধ্যাপক পবিত্র মোহন দাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাঙ্গার প্রজেক্ট ঢাকার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শশাঙ্ক বরণ রায় এবং সভাটি পরিচালনা করেন হাঙ্গারের সিনিয়র প্রোগ্রাম অফিসার রুবিনা আক্তার।

সভায় বক্তব্য রাখেন সমাজ ও সংস্কৃতিকর্মী শেখ সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, রাজনৈতিক নেত্রী ফরিদা আক্তার বিউটি, ধর্মীয় নেতা মাওলানা মাহবুবুর রহমান, নাগরিক নেতা আলি নুর খান বাবুল, অধ্যাপক মহিউদ্দীন আহমেদ, রায়সুল, অধ্যক্ষ হোসেন আলি, কবি স ম তুহিন, অধ্যাপক ভারতেশ্বরী বিশ্বাস, মহুয়া মঞ্জুরী প্রমুখ।

​খসড়া প্রস্তাব ও প্রটোকলসংক্রান্ত সংবাদের বিবরণ: ​সভায় ধর্মীয় পরিচয়ভিত্তিক ঘৃণা, সহিংসতা প্রতিরোধ, মব ভায়োলেন্স এবং ধর্মীয় উসকানি বন্ধে কার্যকর সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়। একই সাথে “ধর্মীয় পরিচয়ভিত্তিক ঘৃণা ও সহিংসতা প্রতিরোধ এবং উত্তেজনা প্রশমনের জন্য আগাম সতর্কতা প্রটোকল” শীর্ষক একটি খসড়া প্রস্তাব উপস্থাপন ও আলোচনা করা হয়।

​খসড়া প্রটোকলের মূল দিকসমূহ: মৌলিক নীতি ও উদ্দেশ্য: নিরপেক্ষতা, যথার্থতা (গুজব ও যাচাইহীন তথ্য বর্জন), অহিংসা, মানবিক মর্যাদা সুরক্ষা, গোপনীয়তা রক্ষা এবং “ক্ষতি না করা” (Do No Harm)—এই ৬টি মূলনীতির ওপর ভিত্তি করে প্রটোকলটি প্রণয়ন করা হয়েছে।

ঝুঁকির স্তর নির্ধারণ: পরিস্থিতি অনুযায়ী ঝুঁকিকে ৩টি স্তরে ভাগ করা হয়েছে—
​সবুজ (কম ঝুঁকি): ছোটখাটো গুজব বা বিচ্ছিন্ন মন্তব্য (পদক্ষেপ: পর্যবেক্ষণ ও কমিউনিটি সম্পৃক্ততা)।
​হলুদ (মাঝারি ঝুঁকি): সংগঠিত ঘৃণামূলক বক্তব্য বা উসকানিমূলক সমাবেশ (পদক্ষেপ: স্থানীয় প্রতিক্রিয়া দল সক্রিয় করা)।
​লাল (উচ্চ ঝুঁকি): সরাসরি সহিংসতার সম্ভাবনা বা সূচনা (পদক্ষেপ: তাৎক্ষণিক সুরক্ষা ও জরুরি সমন্বয়)।

র‍্যাপিড রেসপন্স টিম गठन ও কর্মধাপ: প্রতি জেলায় ফোর্ব ফোরাম, যুব নেটওয়ার্ক, ধর্মীয় ও স্থানীয় নাগরিক নেতৃত্বের সমন্বয়ে একটি ‘র‍্যাপিড রেসপন্স টিম’ গঠিত হবে। তথ্য সংগ্রহ, নিরপেক্ষ সত্যতা যাচাই, ঝুঁকি মূল্যায়ন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় এবং ফলো-আপ কার্যক্রমের মাধ্যমে দলটিকে ৭টি সুনির্দিষ্ট ধাপে কাজ করার নির্দেশিকা দেওয়া হয়েছে।
​সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ও ময়দানে উসকানিমূলক তৎপরতা প্রতিরোধে নিয়মিত পর্যবেক্ষণ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, আগামী ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর ২০২৬ ঢাকায় অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ ও কৌশলগত কর্মশালায় অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *