জি এম আমিনুল হক : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে এক সৌদি প্রবাসী কৃষকের সৌদি আরব থেকে সৌদি খেজুরের চারা গাছ এনে চাষকৃত চারা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ২৮ সেপ্টেম্বর দিবাগত রাতে সদর উপজেলার ব্রহ্মরাজপুর মানিকতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।

ঘটনাস্থলে পরিদর্শন করে জানা যায়, পুরাতন সাতক্ষীরার অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ওলিউল্লার ছেলে সৌদি আরব প্রবাসী মিজানুর রহমান বিদেশের মাটিতে খেজুর বাগানে কাজ করার সুবাদে হাজারো স্বপ্ন নিয়ে নিজ দেশে সৌদি খেজুর চাষ করার সিদ্ধান্ত নেয়। তবে তার স্বপ্নের চাষকৃত খেজুরের চারা কেটে দিয়ে বার বার বিনষ্ট করছে দুর্বৃত্তরা। সৌদি খেজুরের চারাগাছ কেটে ফেলায় সবাই বলছে- গাছের চারার সাথে এ কেমন শত্রুতা?

ভুক্তভোগীরা জানান, সৌদিআরব প্রবাসী মিজানুর রহমান ২২ সালের দিকে সৌদি আরবের মরিয়ম খেজুর, আজুয়া খেজুর সহ বিদেশী বিভিন্ন জাতের চারা গাছ বাংলাদেশে পাঠায়। মিজানুর রহমানের স্ত্রী আজমিরা খাতুন ও তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. ওলিউল্লাহ ব্রহ্মরাজপুর ইউনিয়নের মানিকতলা এলাকায় জমি লিজ নিয়ে সেখানে খেজুরের চারা গাছ রোপন করে। চারাগুলোর বর্তমান বয়স তিন বছরের বেশি। অনুমান আগামী এক বছর পরে এ-সব গাছে খেজুর ধরবে বলে ধারণা ওই কৃষকের।

ক্ষতিগ্রস্ত কৃষক ওলিউল্লাহ জানান, ২৮ সেপ্টেম্বর সকাল অনুমান ৮ টার সময় খেজুর বাগানে যেয়ে দেখি কে বা কারা আমার খেজুর বাগানে অনুমান ১০০ পিস গাছ কেটে ফেলেছে। এতে তার আনুমানিক ৩৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার ধারণা শত্রুতা মূলক ভাবে আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য গাছগুলো কর্তন করেছে ।

ইতিপূর্বে ২০২৪ সালেও কোন অজ্ঞাত ব্যাক্তি একইভাবে ৩০০ পিচ খেজুর গাছ তুলে নিয়ে যায়। আমার বাগানে বর্তমানে খেজুর গাছের সংখ্যা ৯০০ পিচ। আমি আশেপাশে লোকজনের কাছে শুনে দেখি তারা বলে গভীর রাত্রে অনেক কুকুর ডাকাডাকি করছিল আমার ধারণা কুকুর ডাকার কারণে তারা কিছু গাছ কেটে চলে গেছে। তারা সব গাছ বিনষ্ট করার জন্য এসেছিল। এ বিষয় নিয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।সচেতন এলাকাবাসী অবিলম্বে সরেজমিনে তদন্ত পূর্বক প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *