নিজস্ব প্রতিনিধি : নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে (২০মে) ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের আয়োজনে সদর উপজেলা অডিটোরিয়ামে প্রশিক্ষণে জেলার ১০০ জন দুগ্ধ খামারী অংশগ্রহণ করেন।

ব্র্যাকের যশোর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মাহাবুব হাসান এর সভাপতিত্বে ও সাতক্ষীরা এরিয়ার ভেটেরিনারি সার্জন ডাঃ তাজ মোহাম্মদ তুহিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, আশাশুনি উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাঃ আব্দুস সালাম, সদর উপজেলা সেনেটারী ইন্সপেক্টর আবুল কাশেম, ব্র্যাকের এরিয়া ম্যানেজার সোহেল রানা সহ আরো অনেকে।

প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণের প্রধান চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতা বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও খামারে আধুনিক পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার ও বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে ভেজাল মুক্ত নিরাপদ দুধ সংগ্রহের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।

​আয়োজকরা জানান, বর্তমান সময়ে নিরাপদ দুধ উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো ভেজালযুক্ত দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ব্যাপারে দেশব্যাপী জনমত গড়ে তোলা সময়ের দাবী। দুধ উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে দুধ যেন নিরাপদ থাকে সে ব্যাপারে ব্র্যাক ডেইরি নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে খামারী ও সোসাইটি ম্যানেজার ভাইদের আরো বেশি সচেতন করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিদিন খামারীদের উৎপাদিত দুধের একটি বড় অংশ ব্র্যাক ডেইরি সংগ্রহ করে থাকে। ব্ল্যাক সংগ্রহ, পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে ব্র্যাক কঠোর মান নিয়ন্ত্রণ ও সতর্কতা অবলম্বন করে থাকে। বিভিন্ন সময়ে আমরা চিলিং সেন্টারে ভিজিট গিয়েও দুধ সংগ্রহের ও সংরক্ষণের পদ্ধতি দেখে সন্তুষ্ট হয়েছি। আগামী দিনেও ব্র্যাক ডেইরি গুণগত মান সম্পন্ন দুধ সংগ্রহ করে নিরাপদভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া নিরাপদ দুধ সংগ্রহের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোন সহযোগিতা লাগলে তিনি তা দেয়ার আশ্বাস দেন।

​প্রশিক্ষণের বিশেষ অতিথি তার বক্তব্যে আশা প্রকাশ করেন যে, আজকে প্রশিক্ষণের মাধ্যমে এলাকার দুগ্ধ খামারিরা আধুনিক জ্ঞান ও প্রযুক্তি কাজে লাগিয়ে আরও স্বাস্থ্য সম্মতভাবে দুধ সংগ্রহ ও পরিবহনের উপর জোর দিবেন। খামার গড়ে তুলতে সক্ষম হবেন। সব ধরনের ভেজাল ও দূষণ হতে বিরত থেকে নিরাপদ দুধ সরবরাহ করবেন।

​​এ সময় স্থানীয় খামারী, কৃষি উদ্যোক্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণকে সময়োপযোগী ও বাস্তবধর্মী হিসেবে উল্লেখ করেন। প্রশিক্ষণার্থীগণ ব্র্যাক ডেইরির এ ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং তারা ব্র্যাক ডেইরির সঙ্গে থেকে নিয়মিত দুধ সরবরাহের প্রতিশ্রুতি প্রদান করেন। তারা ব্র্যাক ডেইরির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার জন্য আহ্বান করেন। প্রশিক্ষণটিতে জেলার প্রায় ১০০ জন খামারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেক দুগ্ধ খামারীকে ব্র্যাক ডেইরির পক্ষ থেকে দুগ্ধ সামগ্রী রাখার জন্য ১টি করে মিল্ক ক্যান প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *