সেলিম হায়দার : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার পূজা উদযাপন পরিষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টায় পাটকেলঘাটার কেশবলাল শ্মশান মন্দিরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, এ বছর তালা উপজেলায় পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এ উৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে জেলা পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে তিনি সব সময় তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই থানার পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেলায় এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতায় এবারের দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের বরাদ্দকৃত অর্থ তালা উপজেলার ১২টি ইউনিয়নের মন্দির কমিটির প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হয়। তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সাধারণ সম্পাদক সরজিত সরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক সিনিয়র সহসভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক নেতা অধ্যাপক মোশাররফ হোসেন, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের উপজেলা সভাপতি অমল দত্ত, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলী সরদার, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল হক রাজু, ধানদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন আলম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি শেখ রিজভী আহমেদ প্রমূখ।
এ ছাড়া তালা উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী চিত্ত মজুমদারসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







