ধর্মীয় প্রতিষ্ঠানে ইবাদত ও শিক্ষা কার্যক্রমে আগত মুসল্লি, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে উদারতা যুব ফাউন্ডেশনের উদ্যোগে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ৪টি মসজিদ ও ২টি মাদরাসায় মোট ১৭টি ৫৬ ইঞ্চি ক্লিক ব্র্যান্ডের সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
শনিবার ৪ জুলাই সকাল ১১টায় উদারতা যুব ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, মাড়িয়ালায় আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (বাস্তবায়ন-১) মোঃ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীত কুমার দাস। উদারতা যুব ফাউন্ডেশনের সভাপতি জুবায়ের আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আমিন, আবু তাহের, মহাইমিনুল, দেলোয়ার, সুমাইয়া, রহমত আলী, হারানসহ উদারতা যুব ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন মসজিদ ও মাদরাসার পরিচালনা কমিটির প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ নাজিম উদ্দিন বলেন, “যুবসমাজের ইতিবাচক উদ্যোগ সমাজ উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে উদারতা যুব ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সমাজের অন্যান্য সংগঠন ও বিত্তবান ব্যক্তিদেরও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।”
অনুষ্ঠান শেষে শ্রীউলা ইউনিয়নের ৪টি মসজিদ ও ২টি মাদরাসার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে মোট ১৭টি ৫৬ ইঞ্চি ক্লিক সিলিং ফ্যান হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ উদারতা যুব ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি







