শাহ জাহান আলী মিটন : “গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক” উপলক্ষে বিশ্বব্যাপী জলবায়ু ন্যায়বিচারের দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে যুব-নেতৃত্বাধীন মানববন্ধন। শুক্রবার (৮ মে) সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে শতাধিক তরুণ জলবায়ু কর্মী, বিভিন্ন প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক ও যুব সংগঠনের প্রতিনিধিরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।
সাতক্ষীরা ইয়ুথ হাবের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর বাস্তবায়নে, গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। জলবায়ু পরিবর্তনে ভয়াবহ প্রভাব মোকাবিলায় তরুণরা জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ গড়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক বিশ্ব গড়ে তুলতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। এসময় অংশগ্রহণকারীরা “জাস্ট ট্রানজিশন” বা ন্যায্য রূপান্তরের দাবিতে রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল পরিত্যক্ত প্লাস্টিক বর্জ্য দিয়ে তৈরি দানবাকৃতির একটি প্রতিকৃতি, যা প্লাস্টিক দূষণ ও জীবাশ্ম জ্বালানির ভয়াবহ ভবিষ্যৎকে প্রতীকীভাবে তুলে ধরে। এছাড়া অংশগ্রহণকারীরা মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে প্রতীকী প্রদর্শনী করেন এবং সাধারণ মানুষকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে উদ্বুদ্ধ করেন।
এ কর্মসূচিতে দেশের ২৭টি জেলার হাজার হাজার তরুণ ও ‘অ্যাক্টিভিস্টা’ সংহতি প্রকাশ করে অংশ নেয়। জলবায়ু ন্যায়বিচার ও সমতাপূর্ণ রূপান্তরের দাবিতে তারা #FossilFreeFuture, #JustTransitionNow, #FundOurFuture, #ClimateFinance এবং #ClimateJusticeNow সহ বিভিন্ন হ্যাশট্যাগ প্রদর্শন করে।
এ সময় তরুণ জলবায়ু কর্মী রিপন হোসেন বলেন, “বাংলাদেশ বর্তমানে জীবাশ্ম জ্বালানির নিঃসরণজনিত বড় হুমকির মুখে রয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এখনই কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে।”
আরেক কর্মী শাহনাজ পারভীন বলেন, “জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি প্রভাব নারীদের ওপর পড়লেও তাদের কণ্ঠ সবচেয়ে কম শোনা হয়। তাই জলবায়ু ন্যায়বিচারে নারীর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি।”
সংহতি প্রকাশ করে স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত বলেন, “জ্বালানি ব্যবহারের সুযোগ একটি মৌলিক মানবাধিকার। পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য এখনই বিনিয়োগ বাড়াতে হবে।”
এ সময় আয়োজকরা জানান, বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশে প্রতিবছর একশনএইড বাংলাদেশের ‘ফান্ড আওয়ার ফিউচার’ ক্যাম্পেইনের আওতায় তরুণ জলবায়ু কর্মীদের সংগঠিত করা হচ্ছে।







