স্টাফ রিপোর্টার : রমজান মাসজুড়ে ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে ছুটি শেষে টানা ১০টি শনিবার পাঠদান কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে জারিকরা এক নির্দেশনায় বলা হয়েছে, রমজান মাসে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি তৈরি হয়েছে।

এ ঘাটতি পূরণে রমজানের ছুটির পর শ্রেণি কার্যক্রম শুরু হলে পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয় খোলা রেখে নিয়মিত পাঠদান পরিচালনা করতে হবে। গত ১৬ মার্চ জারিকরা ওই নির্দেশনায় উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষর করেন। এতে বলা হয়, এ সিদ্ধান্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে নেওয়া হয়েছে।

এ নির্দেশনার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকেও মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ মার্চ অধিদপ্তরের উপপরিচালক মো. জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক স্মারকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বলা হয়।

স্মারকে উল্লেখ করা হয়, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী রমজানের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার বিদ্যালয় খোলা রেখে পাঠদান কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, অতিরিক্ত এই শ্রেণি কার্যক্রম শিক্ষার্থীদের পাঠ্যসূচি সম্পন্ন করতে সহায়ক হবে। তবে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপের বিষয়টিও বিবেচনায় নেওয়ার প্রয়োজন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *