জি এম আবুল হোসাইন : উপকূলীয় সাতক্ষীরার জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে শিশু ও যুবদের শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলাভিত্তিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (SPiRiT) প্রকল্প। খেলাধুলার মাধ্যমে শিশু ও কিশোর-কিশোরীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ ও সামাজিক অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার ফিংড়ী ইউনিয়নের বিভিন্ন মাঠে শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে এবং সুইস ডেভেলপমেন্ট কোঅপারেশন (SDC) ও অলিম্পিক রিফিউজি ফাউন্ডেশন (ORF)-এর অর্থায়নে বাস্তবায়িত এ কার্যক্রমের অংশ হিসেবে গোবরদাড়ী জিফুলবাড়ি স্কুল মাঠ এবং ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন দুর্গা মন্দির মাঠে শিশু ও যুবদের মাঝে জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু। তিনি শিশু ও যুবদের উদ্দেশ্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শারীরিক ও মানসিক সুস্থতা গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উপায়। নিয়মিত খেলাধুলা শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে, শৃঙ্খলাবোধ শেখায় এবং সহিংসতা ও ঝুঁকিপূর্ণ আচরণ থেকে দূরে রাখতে সহায়তা করে। তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলের শিশুদের বিকাশে নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি উভয় মাঠ পরিদর্শন করেন এবং শিশু ও যুবদের হাতে জার্সি তুলে দেন। এসময় উপস্থিত শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। তিনি আরও বলেন, খেলাধুলার মাধ্যমে শিশু ও যুবদের অংশগ্রহণ বৃদ্ধি করার পাশাপাশি যুব নেতৃত্বভিত্তিক উদ্যোগ গড়ে তুলতে SPiRiT প্রকল্প কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা শিশু ও যুবদের সক্ষমতা বৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা এবং একটি সহায়ক ও নিরাপদ পরিবেশ তৈরিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
উল্লেখ্য, সাতক্ষীরা জেলার ০৫টি উপজেলার ১৫টি ইউনিয়নে বাস্তবায়িত SPiRiT প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত ও অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশু,যুব ও নারী দের অংশগ্রহণে নিয়মিত খেলাধুলার সেশন, জীবন দক্ষতা উন্নয়ন কার্যক্রম, নেতৃত্ব বিকাশ এবং সুরক্ষাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।








