নিজস্ব প্রতিনিধি : নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিয়ে নিরোধ এবং সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাতক্ষীরায় “জাতীয় ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকালে শহরের নবারুণ স্কুলের থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সচেতনতামূলক নাটক প্রদর্শন, সিগনেচার ক্যাম্পেইন, পোস্টার ও লিফলেট বিতরণ এবং মানবাধিকার বিষয়ক স্টল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার ও সামাজিক অংশগ্রহণ শক্তিশালীকরণ (হোপ) প্রকল্প”-এর আওতায় আয়োজিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
সদর উপজেলা সিএসও কমিটির সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন লিপির পরিচালনায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি তাহরিমা খাতুন, হোপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালিদ হোসেন, এরিয়া কো-অর্ডিনেটর মোখলেসুর রহমান পিন্টু, তাহেরা সিদ্দিকা, ফিল্ড ফ্যাসিলিটেটর ইস্রাফিল গাজী, ফাতেমা আমজাদ ও সোনিয়া পারভীনসহ আরো অনেকে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা কেবল একটি পারিবারিক সমস্যা নয়, এটি একটি সামাজিক ব্যাধি। বাল্যবিয়ে একটি মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। তাই এসব প্রতিরোধে কেবল আইন নয়, বরং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মানসিকতার পরিবর্তন এবং সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
বক্তারা আরও বলেন, প্রান্তিক জনপদগুলোতে নারীদের অধিকার রক্ষায় এবং তাদের সুরক্ষায় ‘হোপ’ প্রকল্পের মতো উদ্যোগগুলো প্রশংসনীয় ভূমিকা রাখছে। তবে একটি নিরাপদ সমাজ গড়তে যুবসমাজ ও পুরুষদের সক্রিয় অংশগ্রহণ এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে দ্রুত প্রতিবাদ করার আহ্বান জানান তারা।







