নিজস্ব প্রতিনিধি : এক দশকের পথচলা পেরিয়ে নতুন প্রত্যয়ের আলোয় ১১ বছরে পদার্পণ করল দৈনিক দক্ষিণের মশাল। সত্য প্রকাশের সাহস, মানুষের কথা বলার দায়বদ্ধতা এবং সমাজের অসঙ্গতির বিরুদ্ধে নির্ভীক অবস্থানের অঙ্গীকার নিয়ে শনিবার (২৩ মে) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে পত্রিকাটির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন-২০২৬।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রতিনিধি, সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বেলা ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে এবং বিশেষ প্রতিনিধি শেখ হাসান শাহারিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব-এর সভাপতি আবুল কাশেম, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, আশাশুনি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হোসেন আলী এবং ম্যানগ্রোভ সভাঘরের স্বত্বাধিকারী কবি স. ম. তুহিন প্রমুখ।

বক্তারা বলেন, একটি সংবাদপত্র কেবল খবরের কাগজ নয়- এটি সমাজের বিবেক, মানুষের আশা-আকাঙ্খার প্রতিচ্ছবি। বর্তমান সময়ে তথ্যের ভিড়ে সত্যকে তুলে ধরা যেমন কঠিন, তেমনি দায়িত্বশীল সাংবাদিকতার প্রয়োজনও আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। তারা আরও বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদের সুখ-দুঃখ, সম্ভাবনা, সংকট ও সংগ্রামের গল্প দীর্ঘদিন ধরে সাহসিকতার সঙ্গে তুলে ধরছে দৈনিক দক্ষিণের মশাল। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও জনমানুষের পক্ষে অবস্থান নেওয়ার কারণে পত্রিকাটি পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পত্রিকার নির্বাহী সম্পাদক হাসান গফুর, বার্তা সম্পাদক আব্দুর রহমান, মফস্বল সম্পাদক মোহাম্মদ মোজাহিদ, বিশেষ প্রতিনিধি এসএম আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার সাইফুল আজম খান মামুন, আরাফাত হোসেন, আব্দুল জলিল, আব্দুর রশিদ, খাইরুল বাসার, আবুল হোসেন, আবু সায়ীদ, আশাশুনি প্রতিনিধি আলমগীর হোসেন, কাশিমাড়ি ইউনিয়ন প্রতিনিধি হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার ইয়াছিন আলম এবং গ্রাফিক্স ডিজাইনার আবু হাসান।

সভাপতির বক্তব্যে সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী বলেন, “সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই দক্ষিণের মশাল পথচলা শুরু করেছিল। সীমাবদ্ধতা ও নানা প্রতিকূলতার মধ্যেও আমরা মানুষের কথা বলার চেষ্টা করেছি। পাঠকের ভালোবাসা ও সহকর্মীদের আন্তরিকতায় আজ আমরা ১১ বছরে পদার্পণ করেছি।”

আলোচনা শেষে প্রতিনিধি সম্মেলনে বিভিন্ন সাংগঠনিক বিষয়, সংবাদ পরিবেশনায় নৈতিকতা, অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ এবং পাঠকবান্ধব কনটেন্ট তৈরির ওপর মতবিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *