খুলনা, ১৫ আষাঢ় (২৯ জুন) :বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (সোমবার) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা শিশুশ্রম প্রতিরোধ দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।

দিবসটি উপলক্ষ্যে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভায় অতিথিরা বলেন, শিশুশ্রম নির্মূলে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, এর পাশাপাশি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন, অভিভাবকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের জন্য বিশেষ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে। প্রতিটি পরিবারকে সচেতন করে শিশুদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনা শ্রম পরিদর্শক মোহাম্মদ এহসানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা তথ্য কর্মকর্তা মো: জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে. এম. মিজানুর রহমান, সুশীলনের উপ-পরিচালক জি. এম. মনিরুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক সিরাজ সরদার, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ^ব্যাপী প্রতিবছর ১২ জুন বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়। বিশেষ কারণে বাংলাদেশে কেবল এ বছর ১২ জুনের পরিবর্তে ২৯ জুন দিবসটি পালন করা হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৮ দশমিক ৭ নম্বর সূচক অনুযায়ী শিশুশ্রম নিরসনে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সরকার ঘোষিত ৪৩টি ঝুঁকিপূর্ণখাতে শিশুদের নিয়োগ করা আইন অনুযায়ী সম্পূর্ণ নিষেধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *