খুলনা, ১৫ আষাঢ় (২৯ জুন) : বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (সোমবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। বিশ^ শিশুশ্রম প্রতিরোধ দিবসের এবারের প্রতিপাদ্য ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।
অনুষ্ঠানে সভাপতি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, শিশুশ্রম নিরসনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, শিশুরা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকলে অঙ্গহানি এমনকি প্রাণহানির মতো দুর্ঘটনাও ঘটতে পারে। দারিদ্র্য, পারিবারিক সংকট ও মাদকের নেতিবাচক প্রভাবের কারণে অনেক শিশুশ্রমে যুক্ত হয়।
তিনি আরও বলেন, দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের জন্য আর্থিক সহায়তা এবং লেখাপড়ায় উৎসাহ দিতে মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে। সরকারের বিভিন্ন দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জনগণকে অবহিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সকল দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।
সভায় খুলনা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, মাসসের নির্বাহী পরিচালক অ্যাড. শামীমা সুলতানা শিলু, জাতীয় শ্রমিকদলের আহবায়ক মো: মজিবুর রহমান, ওয়ার্ল্ড ভিশনের সহকারী ম্যানেজার লিটন কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ।
সভায় প্রবন্ধ উপস্থাপন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোঃ শাহিনুর রহমান। সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা অংশ নেন। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে দিবসটি উপলক্ষ্যে খুলনা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণ অংশ নেন।







